
ঝিনাইদহ প্রতিনিধি:বুধবার ২১ অক্টোবর ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে একটি চলমান মামলার বাদীর বাড়িঘর ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বুধবার (২১ অক্টোবর, ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জোড়াদহ গ্রামের টুটুল হাসান জমিজমা নিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে একটি মামলা করেছেন, যা বর্তমানে আদালতে চলমান রয়েছে। আজ বিকেলে সেই বিরোধের জেরে আকস্মিকভাবে বিবাদী পক্ষ মামলার বাদী টুটুল হাসানের বাড়িতে হামলা চালায়।
হামলার সময় বাড়িঘর ভাঙচুর ও ব্যাপক ক্ষয়ক্ষতির দৃশ্য দেখে মামলার বাদী টুটুল হাসানের ভাই আলমগীর হোসেন কান্নায় ভেঙে পড়েন। তিনি আকুতি জানিয়ে বলেন, “আমাদের পৈতৃক জমিজমা নিয়ে মামলা করায় তারা এভাবে আমাদের ওপর অত্যাচার করছে। আমাদের নির্মাণাধীন বাড়ি ভাংচুর করেছে ধারালো অস্ত্র দিয়ে ঘরের টিন কোপাতে থাকে এবং টিন ও নির্মাণ সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়। বিবাদীরা আমাদের অনবরত প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা এর বিচার কার কাছে চাইব?”
মামলার বাদী ও ভুক্তভোগী টুটুল হাসান অভিযোগ করে বলেন, “জমিজমা নিয়ে আমার দায়ের করা মামলাটি চলমান রয়েছে। আজ বিকেলে প্রতিপক্ষ বিবাদীরা তার ২০–৩০ জন লোক মিলে অন্যায়ভাবে আমার বাড়িঘর ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। একই সাথে বিবাদী পক্ষ আমাদের পরিবারকে জানমালের ও প্রাণনাশের হুমকি দিয়ে গেছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এই হামলার সুষ্ঠু বিচার চাই।”
ঘটনার বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও হরিণাকুণ্ডু থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।