👁 326 Views

নওগাঁয় বিস্ফোরক ও সহকর্মীকে শ্রীলতাহানীর মামলায় আটক দুই শিক্ষক বরখাস্ত 

নওগাঁ প্রতিনিধিঃ  নওগাঁর মান্দার পরানপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজুর রহমান উজ্জ্বল  বিস্ফোরক মামলায় এবং সহকারী শিক্ষক জিয়াউর হক সহকর্মীর দায়েরকৃত শ্রীলতাহানীর মামলায় জেল হাজতে রয়েছেন। এ ঘটনায় ওই দুই শিক্ষককে বরখাস্ত করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সোমবার প্রধান শিক্ষক মোঃ আবদুল  ওয়াহেদ আলী স্বাক্ষরিত বরখাস্তের চিঠি তাদের ঠিকানায় পাঠিয়েছে।

বিদ্যালয়ের বরখাস্তকৃত সমাজবিজ্ঞান বিষয়ের শিক্ষক মাহফুজুর রহমান উজ্জ্বল পরানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক। এবং বরখাস্তকৃত অপর শিক্ষক জিয়াউর হক ওই বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক।
বরখাস্তের চিঠি বলা হয়েছে, বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের শিক্ষক হিসেবে চাকুরী করে আসছেন। আপনি প্রায় বিদ্যালয়ে অনিয়মিত ভাবে উপস্থিত থাকেন। পরবর্তীতে জানা যায় যে, গত ২০২৪ খ্রিস্টাব্দের ৭ অক্টোবর দায়েরকৃত ফৌজদারী মামলায় গত ১৪ জুলাই থেকে কারাগারে অবস্থান করছেন। এমতাবস্থায় আপনার অনুপস্থিতির কারণে এবং কারাগারে অবস্থান করায় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা ২০২৫ এর ১৯ ধারা মোতাবেক আপনাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হইল। সাময়িক ভাবে বরখাস্তকালীন সময়ে সরকারী বিধি মোতাবেক ভাতা প্রাপ্ত হবেন।
অপর চিঠিতে বলা হয়েছে, বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক হিসেবে চাকুরী করে আসছেন। কর্মকালীন সময়ে আপনি প্রতিষ্ঠানের একজন মহিলা শিক্ষিকা মোছা. জাহানারা খাতুন এর সাথে বিভিন্ন অশ্লীল কথাবার্তা, মানহানীকর কার্যকলাপ এবং মারপিটের চেষ্টা করছেন বলে গত ১০জুন একটি অভিযোগ উঠে। এছাড়াও আপনি সার্বক্ষনিক ভাবে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও কর্তৃপক্ষের সঙ্গে খারাপ ব্যবহার করিয়া আসতেছেন। এরপর গত ২১ জুন মান্দা থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ১০ ধারা সংক্রান্ত মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে বাস করিতেছেন। এমতাবস্থায় আপনার অনুপস্থিতির কারণে এবং কারাগারে অবস্থান করায় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৫ এর ১৯ ধারা মোতাবেক আপনাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হল। সাময়িক ভাবে বরখাস্তকালীন সময়ে সরকারী বিধি মোতাবেক ভাতা প্রাপ্ত হইবেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল  ওয়াহেদ আলী বলেন, বরখাস্তকৃত দুই শিক্ষক বর্তমানে জেল হাজতে আছেন। তাদের জেল হাজতে থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী এর নির্দেশে এমপিও নীতিমালা অনুযায়ী বরখাস্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *