
পঞ্চগড় : পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের বিপরীতে ১৫ শতাংশ কমিশন বা ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে দায়সারা প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার(২৩জুন)দুপুরে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন,পিআইওর ভিডিও ভাইরাল নজরে আসলে বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে তাৎক্ষনিক বদলির প্রজ্ঞাপন জারি করেছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২ টায় প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ প্রশাসন শাখার উপসচিব সানজিদা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায়কে তার বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়।
আগামী ২৪ জুনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে (দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে) যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ওই দিন অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।
ইউএনও ইন্দ্রজীত সাহা বলেন, অভিযুক্ত তার বর্তমান কর্মস্থলেই রয়েছেন। আগামীকাল বুধবার (২৪ জুন) মন্ত্রণালয়ের একটি টিম সরেজমিনে এসে বিষয়টি তদন্ত করবেন বলে জানান তিনি।
এর আগে,সোমবার (২২ জুন) দুপুরে অফিসের চেয়ারে বসে(পিআইও) বাবুল চন্দ্র রায় বিভিন্ন প্রকল্পের বরাদ্ধের বিপরীতে ১৫ শতাংশ কমিশন ক্যালকুলেটরে হিসেব করে ঘুষ নেয়ার অভিযোগের ৪ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।