
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।। বিরলে “নরমাল ডেলিভারী” মা ও শিশুর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সমাজসেবা কার্যক্রম এবং উপজেলা রোগী কল্যাণ সমিতি কর্তৃক “নরমাল ডেলিভারী” মা ও শিশুর উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (আর্থিক ব্যবস্থাপনা ও অডিট) মোঃ হুজুর আলী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জ্বীময় সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মোঃ গোলাম রসুল রাখি, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাজুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।
অতিরিক্ত সচিব গগণমাধ্যমকে জানান, সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রমটা আসলে অনেক ভালো। আমাদের দেশে সিজারের সংখ্যা যেভাবে বাড়ছিল সেক্ষেত্রে নরমাল ডেলিভারিতে উদ্বুদ্ধকরণ এটা আসলে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ন্যাশনাল টার্গেট সিজার এর সংখ্যা কমিয়ে আনা এবং নরমাল ডেলিভারি সংখ্যা বাড়ানো, সেটাতে এই সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য বিভাগ অনেক ভূমিকা রাখছে। আমাদের দেশের সরকারি হাসপাতালে সিজারিয়ান সেকশনের সংখ্যা কম হলেও বেসরকারি হাসপাতালে সেটা অনেক বেশি। আমরা যারা এই সেকশনে আছি আমাদের সকলের চেষ্টা থাকবে সিজারিয়ান এর সংখ্যা কমানো এবং নরমাল ডেলিভারি সংখ্যা বাড়ানোর।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হাসপাতাল পরিদর্শন করেন ও চিকিৎসার সার্বিক বিষয় খোঁজ খবর নেন।