
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ নেত্রকোনার পূর্বধলায় কংশ নদীতে দাদির সাথে গোসল করতে গিয়ে সাদিয়া আক্তার নামক দেড় বছরের এক শিশু পানিতে পড়ে নিখোঁজ হওয়ার ১৮ ঘন্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের গাংগের বেড়া গ্রামের মোশাররফ হোসেন এর মেয়ে সাদিয়া আক্তার তার দাদির সাথে গতকাল শুক্রবার (২৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে বাড়ির সামনের পূর্ব পাশে কংশ নদীতে গোসল করতে যায়। গোসলের পূর্বে তার দাদি সাদিয়াকে নদীর পাড়ে রেখে কাপড় ধোয়ার কাজ করছিল। এদিকে শিশু সাদিয়া খেলার এক পর্যায়ে দাদির অজান্তে নদীতে পড়ে যায়। কাপড় ধোঁয়া শেষে দাদি শিশু সাদিয়াকে আশপাশে দেখতে না পেয়ে চিৎকার শুরু করলে পরিবারের লোকজন এসে আশপাশে ও
নদীর পানিতে খোঁজাখুঁজি শুরু করে। শিশু সাদিয়াকে কোথাও খুঁজে না পেয়ে অবশেষে পূর্বধলা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নদীতে উদ্ধার অভিযান চালায়। শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত শিশুটির কোন সন্ধান না পাওয়ায় ডুবুরি দল সেদিনের
অভিযান স্থগিত করে।
শনিবার সকাল ৮টার দিকে গাংগের বেড়া গ্রাম থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে জারিয়া পূর্বপাড়া এলাকার কংশ নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে ুলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। নিখোঁজ হওয়ার ১৮ ঘন্টা পর পুলিশ ফায়ার সার্ভিসের কর্মী ও সাদিয়ার পরিবারের লোকজনকে সাথে নিয়ে নদী থেকে শিশু সাদিয়ার মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর
মরদেহ উদ্ধার ও লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পূর্বধলা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।