
পলাশবাড়ী(গাইবান্ধা) সংবাদদাতাঃ গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় সড়কের পাশে মালবোঝাই ট্রাক উল্টে নিচে পড়ে মোজাহিদুল ইসলাম ওরফে মোজাহিদ (২৬) নামের এক ট্রাকের সহকারী (হেলপার) ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় ট্রাকচালক সিদ্দিক আলম (৪৫) আহত হয়েছেন।
১৯ আগস্ট বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেলপার মোজাহিদ গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার শাহারবাজার এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মিনি ট্রাক চাল নিয়ে ফুলছড়ির দিকে যাচ্ছিল। ফুলছড়ি-গাইবান্ধা সড়ক হয়ে ট্রাকটি আনন্দবাজার এলাকায় পৌঁছালে এর একটি চাকা ফেটে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে পড়ে মোজাহিদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোজাহিদকে মৃত ঘোষণা করেন।