👁 261 Views

ডা: সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ঝিনাইগাতী থানা পেলো নতুন পুলিশ পিকআপ: আইনশৃঙ্খলা রক্ষায় নতুন মাত্রা

আনোয়ার হোসেন (শেরপুর) থেকে: শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান হলো ডা: সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্টের বদান্যতায়। থানার জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রমকে আরও গতিশীল করতে একটি পুলিশ পিকআপের প্রয়োজন ছিল। যা এতদিন ঝিনাইগাতী থানা পুলিশের কার্যক্রমে কিছুটা স্থবিরতা আনছিল। এই সমস্যার কথা শেরপুর পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম এবং ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. নূর মোহাম্মদ, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মোঃ মাহমুদুল হক রুবেলকে অবহিত করেন।
এমপি মাহমুদুল হক রুবেল তার মরহুম পিতা, সাবেক দুই বারের এমপি ও তৎকালীন জামালপুর জেলার ডিডিসি ডা: সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে ঝিনাইগাতী থানার জন্য একটি নতুন পুলিশ পিকআপ প্রদানের উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় ২ আগস্ট রোববার সকাল ১১টায় ডা: সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে সাবেক এমপি ও ডিডিসির ছোট ছেলে মোঃ মেজবাউল হক বাবু আনুষ্ঠানিকভাবে শেরপুর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম এবং ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নূর মোহাম্মদের হাতে একটি নতুন পুলিশ পিকআপের চাবি হস্তান্তর করেন।
হস্তান্তরকালে উপস্থিত ছিলেন নাসরিন আক্তার (এএসপি সার্কেল), আব্দুল আল মামুন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)। বক্তব্য রাখেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, ট্রাস্টের পক্ষ থেকে মোঃ মেজবাউল হক বাবু, ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ ও সদস্য সচিব মোঃ লুৎফর রহমান প্রমুখ।
উপস্থিত ছিলেন বিএনপির নেতৃবৃন্দ এবং সংবাদ কর্মীরা। এই জনহিতকর কাজের জন্য শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, নাসরিন আক্তার এবং ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ ওসি এস এম নূর মোহাম্মদ ডা: সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্টের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মরহুম ডা: সেরাজুল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। তারা জানান, এই পিকআপটি ঝিনাইগাতী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনগণের সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, ডা: সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্ট শুধুমাত্র এই অনুদান দিয়েই ক্ষান্ত নয়। এই ট্রাস্টের অধীনে রয়েছে ডা: সেরাজুল হক টেকনিক্যাল এন্ড কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট, আহাম্মদ নগর, ঝিনাইগাতী, ডা: সেরাজুল হক এতিমখানা মাদারপুর-খরিয়া কাজির চর, শ্রীবরদী, ডা: সেরাজুল হক বিজনেস ম্যানেজমেন্ট এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট করুয়া, শ্রীবরদী এবং খরিয়া কাজির চর মডেল টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, বীরবান্ধা খরিয়া কাজির চর শ্রীবরদী উপজেলায় দৃশ্যমান। এছাড়াও, বিগত ২৫ বছর ধরে স্কুল কলেজের কৃতি ছাত্র-ছাত্রীদের এই ট্রাস্টের উদ্যোগে ধারাবাহিকভাবে স্কুল কলেজের কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান ও শিক্ষা বৃত্তি প্রদান করা হচ্ছে। এই ট্রাস্ট শেরপুরের জনমনে দারুণ জনপ্রিয়তা ও সুনামের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *