
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের ধাক্কায় দীপঙ্কর (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে কামারপাড়া রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দীপঙ্কর দিনাজপুর জেলার বিরল উপজেলার ভান্ডারা গ্রামের ভুট্টু রামের ছেলে।
কামারপাড়া রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার রফিক জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী আন্তঃনগর করতোয়া ট্রেনের সঙ্গে কামারপাড়া রেলস্টেশনে আন্তঃনগর দোলনচাঁপা ট্রেনের ক্রসিং চলছিল। এ সময় ওই যুবক অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার চেষ্টা করলে করতোয়া ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে গাইবান্ধার বালাসীঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহেব গণি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
পুলিশের বরাত দিয়ে জানা গেছে, নিহত দীপঙ্কর দরিদ্র পরিবারের সন্তান। জীবিকার তাগিদে আয়-উপার্জনের জন্য তিনি নিজ বাড়ি থেকে দোলনচাঁপা ট্রেনে করে বালাসীঘাট হয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে কামারপাড়া রেলস্টেশনে এ দুর্ঘটনায় তিনি নিহত হন।
বোনারপাড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হাসান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ বা দাবি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।