👁 240 Views

নবাবগঞ্জে মসজিদের টাকা ছিনিয়ে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার চড়ুইভাতি, বিচার চাইলেন সেক্রেটারি

এম সাজেদুল ইসলাম (সাগর) নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৭নং দাউদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সিরাজ বালুয়াপাড়া জামে মসজিদের অনুদানের টাকা দলীয় পদের প্রভাব খাটিয়ে ছিনিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত নেতার নাম তাহাজুল ইসলাম, যিনি ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মসজিদের টাকা আত্মসাৎ করে চড়ুইভাতি (পিকনিক) আয়োজন করার এই ঘটনায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মসজিদ কমিটি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার জুমার নামাজের পর( ৬ নভেম্বর, ২০২৬)
দিনাজপুরের সিরাজ বালুয়াপাড়া জামে মসজিদের উন্নয়নকল্পে গত ১৭ জুলাই ২০২৬ তারিখে রানু ঠিকাদার ১০,০০০/- (দশ হাজার) টাকা হাদিয়া বা অনুদান প্রদান করেন (রসিদ নং- ১৮৬)। কিন্তু অনুদানের এই টাকা মসজিদের ক্যাশিয়ারের কাছে জমা হওয়ার পর ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি তাহাজুল ইসলাম তাঁর দলীয় পদের অপব্যবহার ও প্রভাব খাটান। তিনি মসজিদের ক্যাশিয়ারকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ওই ১০ হাজার টাকা নিজের জিম্মায় ছিনিয়ে নেন এবং পরবর্তীতে সেই টাকা দিয়ে নিজের অনুসারীদের নিয়ে একটি চড়ুইভাতি বা পিকনিকের আয়োজন করে সম্পূর্ণ অর্থ আত্মসাৎ করেন।
এই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে সিরাজ বালুয়াপাড়া জামে মসজিদের সেক্রেটারি মোহাম্মদ মারফিজুল ইসলাম বলেন, “আমাদের মসজিদের সভাপতিকে চাপ প্রয়োগকরে ক্যাশিয়ারের কাছ থেকে তাহাজুল ইসলাম জোরপূর্বক অনুদানের ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পিকনিকের আয়োজন করেছে। ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্র টাকা এভাবে ক্ষমতার দাপট দেখিয়ে লুটে নেওয়ার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা কমিটির পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে এই অন্যায়ের সুষ্ঠু বিচার চাই।”
এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি তাহাজুল ইসলামের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়। এছাড়া তাঁর সাথে সংশ্লিষ্ট অন্য উপায়ে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া বা রিসিভ পাওয়া যায়নি।
পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানের টাকা রাজনৈতিক পদের জোরে ছিনিয়ে নেওয়ার এই ঘটনায় সিরাজ বালুয়াপাড়া এলাকাসহ পুরো দাউদপুর ইউনিয়নে চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মুসল্লিরা অবিলম্বে আত্মসাৎকৃত টাকা মসজিদের তহবিলে ফেরত দেওয়াসহ অভিযুক্ত তাহাজুল ইসলামের বিরুদ্ধে আইনি এবং কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা ও জেলা স্বেচ্ছাসেবক দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে জোর দাবি জানিয়েছেন।