
মোঃ রিয়াজ (বাউফল) প্রতিনিধি।। পটুয়াখালীর বাউফলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি খণ্ডিত ভিডিওকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন দৈনিক নয়া দিগন্তের বাউফল সংবাদদাতা আসাদুজ্জামান সোহাগ।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “ঐতিহাসিক জুলাই উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের একটি মিছিলের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।”
তিনি বলেন, “সেখানে আমি কোনো রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক হিসেবে নয়, সম্পূর্ণরূপে একজন পেশাদার সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালন করেছি।”
বিবৃতিতে তিনি আরও বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওতে তাকে কোনো ধরনের রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায় না। ভিডিওটির যে অংশ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেটি তার দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী সাংবাদিক ফোরকান আর্টকে উদ্দেশ্য করে ব্যক্তিগত আলাপচারিতার সময় বলা হয়েছিল। এটি কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠীকে উদ্দেশ্য করে বলা হয়নি।”
তবে তার ওই কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
আসাদুজ্জামান সোহাগ অভিযোগ করেন, “খণ্ডিত ভিডিওকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করে তার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”
তিনি এ ঘটনার, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সবার প্রতি প্রকৃত ঘটনা বিবেচনা করে মতামত গঠনের আহ্বান জানান।