👁 75 Views

শ্রীপুরে পোশাক কারখানায় বহিরাগতদের তাণ্ডব, পুলিশের সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

​আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : ​গাজীপুরের শ্রীপুরে শ্রমিকের ছদ্মবেশে একদল বহিরাগত যুবক বিভিন্ন তৈরি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুর চালিয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই বিশৃঙ্খলায় অন্তত ছয়টি কারখানায় হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এ ঘটনার পর শ্রীপুর শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

​পুলিশ ও স্থানীয় কারখানা সূত্রে জানা যায়, বুধবার সকালে শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা এলাকার হ্যামস গার্মেন্টস, ভিক্টোরিয়া গার্মেন্টস, ঢাকা গার্মেন্টস, লাক্সমা ইনওয়্যার লিমিটেড এবং কেওয়া দক্ষিণখণ্ড এলাকার ফখরুদ্দিন টেক্সটাইল ও নোমান হোম টেক্সটাইলের সামনে জড়ো হয়ে বিশৃঙ্খলা শুরু করে একদল বহিরাগত।

​কেওয়া দক্ষিণখণ্ড এলাকার ফখরুদ্দিন টেক্সটাইল মিলের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক মাজহারুল আনোয়ার জানান, বুধবার তাদের কারখানা বন্ধ ছিল। সকাল ৯টার দিকে হঠাৎ কয়েকজন যুবক কারখানার প্রধান ফটকে এসে হট্টগোল শুরু করে এবং ফটক ভাঙার চেষ্টা চালায়। কারখানার নিজস্ব নিরাপত্তাকর্মীরা তাদের প্রতিহত করলে তারা সরে যায়। তবে সকাল সাড়ে ১০টার দিকে তারা পুনরায় সংঘবদ্ধ হয়ে কারখানা লক্ষ্য করে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া দিলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

​অন্যদিকে, প্রায় একই সময়ে বৈরাগীরচালা এলাকার হ্যামস গার্মেন্টসের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় হামলাকারীরা। পাশের লাক্সমা ইনওয়্যার লিমিটেডের ভেতরে ঢুকেও ভাঙচুর করা হয়। এ ছাড়া ভিক্টোরিয়া গার্মেন্টসের ফটকে অবস্থান নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়ে তারা ফটক ভাঙচুর করে এবং নোমান হোম টেক্সটাইলের ফটকেও হামলা চালায়।

​ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করে হ্যামস গার্মেন্টসের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) মাহফুজুর রহমান বলেন, “কারখানায় অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটেছে। ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।”

​এ বিষয়ে গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল আলম জানান, যারা এই অস্থিরতা তৈরির চেষ্টা করেছে, তারা কারখানার সাধারণ শ্রমিক নয়। শ্রমিকের ছদ্মবেশে বহিরাগত কিছু যুবক বিভিন্ন কারখানার ফটকে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছিল। পুলিশের তৎপরতা ও সতর্ক অবস্থানের কারণে তারা বেশিক্ষণ টিকতে পারেনি।

​তিনি আরও নিশ্চিত করেন, বর্তমানে শ্রীপুর শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক গতিতে চলছে।