
এম এম হারুন আল রশীদ হীরা; নওগাঁ : পাহাড়পুর বৌদ্ধ বিহারে ঘুরতে আসা এক বিদেশি পর্যটক তরুণকে হাত ধরে নানাভাবে বিরক্ত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েছে দেশের পর্যটন শিল্পের ভাবমূর্তি। এ ঘটনায় জড়িত টিকটকার আবদুল মাবুত হিরোকে আজ সোমবার গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, একজন যুবক বিদেশি পর্যটকের হাত ধরে টেনে-হিঁচড়ে এবং নানাভাবে বিরক্ত করে টিকটক ভিডিও তৈরির চেষ্টা করছেন। এতে অনেক নেটিজেন ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনা দেশের পর্যটন শিল্প ও আন্তর্জাতিক ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। বিশেষ করে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান পাহাড়পুরে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক। পাহাড়পুর বৌদ্ধ বিহার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। প্রতি বছর দেশি-বিদেশি হাজারো পর্যটক এখানে ভ্রমণে আসেন। সাম্প্রতিক এ ঘটনা পর্যটন খাতের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
পাহাড়পুর টুরিস্ট পুলিশ ইন্সপেক্টর জানিয়েছে, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। তত্ত্বাবধায়ক ফজলুল করিম আরজু বলেন, পর্যটকদের নিরাপত্তা ও সুনাম রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় হতে অনুরোধ জানাই।
পাহাড়পুর বৌদ্ধ বিহারের তত্ত্বাবধায়ক ফজলুল করিম আরজু জানান, ভাইরাল ভিডিওটি তাঁর নজরে আসার পর তিনি তাৎক্ষণিকভাবে ট্যুরিস্ট পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। সোমবার জয়পুরহাট জেলার বুজরুক এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত টিকটকার আব্দুল মাবুত হিরোকে আটক করা হয়।