
এম সাজেদুল ইসলাম (সাগর) নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে দিনাজপুরের নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে পাঁচটার দিকে নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে অন্যায়, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন তারা।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ আল মামুন ও সদস্য সচিব আনোয়ার হোসেন। এছাড়াও উপজেলা ছাত্রদলের আহবায়ক মুক্তাদির হোসেন বকুল, সদস্য সচিব মুক্তি মাহফুজ, সিনিয়র যুগ্ম আহবায়ক মতলুবুর রহমান সুজনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।