👁 444 Views

সৈয়দপুরে ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে উভয়পক্ষে ৮ জন গুরুতর আহত

‎সৈয়দপুর থেকে দুলাল সরকার  :  ‎নীলফামারীর সৈয়দপুর শহরে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ অভিযানকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযানের সময় পৌরসভার কর্মচারীদের সঙ্গে ব্যবসায়ীদের বিরোধের একপর্যায়ে সংঘর্ষ বাধে। গতকাল বিকেলে শহরের পাঁচমাথা এলাকার সোহেল রানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।


‎স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পৌরসভার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উপস্থিত ব্যবসায়ীদের সঙ্গে পৌরসভার লোকজনের বাকবিতণ্ডা শুরু হয়। পরে বিষয়টি হাতাহাতিতে গড়ালে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

‎সংঘর্ষে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মী মো. মামুন, ওয়াসিম, সাগর ও রাসেল আহত হয়েছেন বলে জানা গেছে। একই ঘটনায় পৌরসভার কর্মচারী মিঠু, শামীম, মাসুম ও রায়হান আহত হয়েছেন বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

‎সংঘর্ষের পর ব্যবসায়ীরা শহরের সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। অন্যদিকে, পৌরসভার কর্মচারীরাও ঘটনার প্রতিবাদে পৌর কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।


‎এলাকাবাসীর মধ্যে এ ঘটনাকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *