👁 308 Views

প্রেমের টানে দক্ষিণ কোরিয়া থেকে লালমনিরহাটে, ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী মারিয়াকে বিয়ে করলেন কোরিয়ান যুবক

এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট। প্রেমের টানে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশের লালমনিরহাটে এসেছেন এক যুবক। দক্ষিণ কোরিয়ার নাগরিক কিম হিউন সু ভালোবেসে বিয়ে করতে এসেছেন লালমনিরহাট সদর উপজেলার তিস্তা রেলগেট সংলগ্ন পাঙ্গাটারী এলাকার তরুণী জান্নাতুল ফেরদৌস মারিয়াকে।

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে দীর্ঘদিন আগে কিম হিউন সু ও মারিয়ার পরিচয় হয়। সময়ের সঙ্গে সেই পরিচয় গভীর প্রেমের সম্পর্কে রূপ নেয়। পরবর্তীতে দুই পরিবারের সম্মতিতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন।

মারিয়া স্থানীয় বাসিন্দা মোঃ আফজাল হোসেনের মেয়ে। তিনি বর্তমানে লালমনিরহাট সরকারি কলেজের অর্থনীতি বিভাগে অনার্সে অধ্যয়নরত। তাদের বাড়ি তিস্তা ফুটবল মাঠ সংলগ্ন তিস্তা রেলগেট এলাকার পাঙ্গাটারীতে।

পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের আগে স্থানীয় একটি মসজিদে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন দক্ষিণ কোরিয়ার নাগরিক কিম হিউন সু। ধর্মীয় বিধান অনুসারে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তাদের বিয়ে অনুষ্ঠিত হয়।

বিদেশি যুবকের ইসলাম ধর্ম গ্রহণ ও বাংলাদেশি তরুণীকে বিয়ে করার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। এক নজর দেখতে এবং নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে স্থানীয়দের ভিড় লক্ষ্য করা যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

স্থানীয়রা জানান, ভালোবাসার টানে ভিনদেশ থেকে ছুটে এসে ধর্মান্তরিত হয়ে বিয়ের মতো ঘটনা এ এলাকায় খুব একটা দেখা যায় না। ফলে কিম হিউন সু ও মারিয়ার প্রেম ও বিয়ের গল্প এখন মানুষের মুখে মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *