👁 475 Views

এক রাতেই ৭ ফ্লাইট, চট্টগ্রাম বিমানবন্দরে ২০১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার আকাশপথ ও এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত এক মাসে মোট ২০১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। সর্বশেষ শুক্রবার রাতে আরও ৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংকটের মধ্যে শুক্রবারের ৭টি ফ্লাইটসহ মোট ২০১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার বাতিল হওয়া ৭টি আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত একটি অ্যারাইভাল ফ্লাইট রয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী চারটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সঙ্গে এয়ার অ্যারাবিয়া ও সালাম এয়ারের আরও দুটি ফ্লাইট বাতিল করা হয়।
সংশ্লিষ্টরা জানান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের আকাশপথে অস্থিরতা সৃষ্টি হয়। এর ফলে ফ্লাইট চলাচলে স্থবিরতা নেমে আসে। এরই ধারাবাহিকতায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ২০১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে আরও পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *