
ঘোড়াঘাট, প্রতিনিধিঃ-
দিনাজপুরের ঘোড়াঘাটে উৎসবমুখর পরিবেশ আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে বাঙালির চিরায়ত উৎসব পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করা হয়েছে। বর্ষবরণের উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলোগাড়ী এলাকায় অবস্থিত অ্যাডভান্স মডেল স্কুলে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী পান্তা উৎসবের।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উৎসবে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের উপস্থিতি এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও শেকড়ের সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তুলতেই স্কুল কর্তৃপক্ষ এই পান্তা ভাতের আয়োজন করেন।
সকালে বিদ্যালয় মাঠে সারিবদ্ধভাবে বসে শিক্ষার্থীরা মাটির সানকিতে করে পান্তা ভাত এবং বিভিন্ন পদের মুখরোচক ভর্তা-ভাজি খাওয়ার উৎসবে মেতে ওঠে। গ্রামীণ পরিবেশের আদলে তৈরি এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক কৌতুহল ও খুশির জোয়ার বয়ে আনে।
এদিকে বিদ্যালয়ের এমন উদ্যোগের প্রশংসা করেছেন অভিভাবকরা। তারা জানান, বর্তমান সময়ে শিশুরা যখন ক্রমশ যান্ত্রিক হয়ে পড়ছে এবং নিজের শেকড় ভুলতে বসেছে, তখন বিদ্যালয়ের এমন প্রয়াস তাদের সত্যিকারের বাঙালি হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। খাবারের এই উৎসব শেষে বিদ্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা এবং দেশাত্মবোধক গান ও নাচের সমন্বয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার মধ্য দিয়ে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে।