👁 472 Views

বেগমগঞ্জে ডিবি অভিযানে ৯০৫ পিস ইয়াবাসহ নারী আটক, স্বামী পলাতক

​মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৯০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রোকেয়া বেগম (৪০) নামের এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী ও প্রধান অভিযুক্ত মো. ওমর ফারুক (৪৫) পালিয়ে যান।

​বেগমগঞ্জ উপজেলার ১৩ নম্বর রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লতিফপুর গ্রামের রজ্জব আলী বেপারী বাড়ির একটি ভবনের দ্বিতীয় তলার উত্তর পাশের ইউনিটে এই অভিযান চালানো হয়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানের সময় ভবনের ওই ইউনিটের ড্রয়িং রুমে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে যান। পরে ওই কক্ষে থাকা রোকেয়া বেগমকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ ও তার দেখানো মতে ড্রয়িং রুমের বেসিনের পেছনে লুকিয়ে রাখা অবস্থায় ৯০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়। রোকেয়া বেগম মৃত নুর নবীর মেয়ে এবং ওমর ফারুকের স্ত্রী।

​জিজ্ঞাসাবাদে আটক রোকেয়া বেগম জানান, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ব্যক্তি তার স্বামী মো. ওমর ফারুক পিতা-মৃত আব্দুল খালেক, মাতা-কমলা খাতুন।ওমর ফারুক কক্সবাজার জেলা থেকে পাইকারি দরে ইয়াবা সংগ্রহ করে বেগমগঞ্জ ও আশপাশের এলাকায় পাইকারিভাবে বিক্রি করতেন। পলাতক ওমর ফারুকের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
​এ ঘটনায় আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।