👁 172 Views

বগুড়ার ৩ এসিল্যান্ডসহ ৬৮ কর্মকর্তাকে প্রত্যাহার।।

 

স্টাফ রিপোর্টার বগুড়াঃ

বগুড়ার আদমদিঘী, শাজাহানপুর ও কাহালু উপজেলায় কর্মরত তিন সহকারী কমিশনার (ভূমি)সহ দেশের বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালন করা ৬৮ জন এসিল্যান্ডকে প্রত্যাহার করেছে সরকার। প্রত্যাহারের পর তাদের সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়ার আদমদিঘী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, শাজাহানপুর উপজেলার জান্নাতুল ফেরদৌস উর্মি এবং কাহালু উপজেলার রাজীব কুমার বিশ্বাসকে প্রত্যাহার করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রত্যাহার করা কর্মকর্তাদের মধ্যে বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের বিভিন্ন উপজেলায় কর্মরত এসিল্যান্ডরা রয়েছেন।

প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম, পরিচিতি নম্বর, বর্তমান কর্মস্থল এবং যে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদের ন্যস্ত করা হয়েছে, তা উল্লেখ করা হয়েছে। তাদের তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং গভর্নমেন্ট এমপ্লয়িজ ম্যানেজমেন্ট সিস্টেমে হালনাগাদের জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *