👁 320 Views

সুনামগঞ্জের বাদাঘাট বাজারে দোকানের সামনে কাদা-পানি, বেচাকেনায় মন্দা

আমির হোসেন সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে বিশুদ্ধ পানি নিষ্কাশন লাইন স্থাপনের লক্ষ্যে অপরিকল্পিত খোঁড়াখুঁড়ির কারণে জলাবদ্ধতা ও কাদায় চরম দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। সামান্য বৃষ্টিতেই বাজারের সড়ক ও অলিগলি কাদা-পানিতে একাকার হয়ে পড়ছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল ও ব্যবসা-বাণিজ্য।

গত দুদিনের হালকা বৃষ্টিতেই বাজারের প্রায় সব সড়ক ও অলিগলিতে কাদা ও পানি জমে যায়। ফলে বাজারে আসা ক্রেতা, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের চলাচলে বেশি সমস্যা হচ্ছে।

এদিকে, দোকানগুলোর সামনের অংশে কাদা ও পানি জমে থাকায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। ক্রেতাদের যাতায়াতে বিঘ্ন ঘটায় বেচাকেনায়ও নেতিবাচক প্রভাব পড়ছে। পাশাপাশি দীর্ঘসময় কাদা-পানিতে সড়ক ডুবে থাকায় বাজারের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশন লাইন স্থাপনের কাজ শুরুর আগে যথাযথ পরিকল্পনা ও বিকল্প পানি চলাচলের ব্যবস্থা না রাখায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উন্নয়নমূলক কাজের জন্য খোঁড়াখুঁড়ি হলেও কাজের কারণে জনসাধারণের চলাচল ও ব্যবসা-বাণিজ্য যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি।

ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত খোঁড়াখুঁড়ির কাজ সম্পন্ন করে সড়ক সংস্কার, পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা এবং দোকানপাটের সামনের অংশ চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন। জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।