👁 549 Views

১৯ নভেম্বর প্রধানমন্ত্রীকে বরণে ব্যাপক প্রস্তুতি লালমনিরহাটে: ত্রাণমন্ত্রী দুলু

এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট : প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৯ নভেম্বর লালমনিরহাট সফর উপলক্ষে জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাঁর সফরের তিনটি কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সমন্বিতভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ -উদ্দীপনা দেখা দিয়েছে।

আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে লালমনিরহাট কালেক্টরেট মাঠে চলমান প্রস্তুতি ও কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কালেক্টরেট মাঠের প্রস্তুতি, স্বেচ্ছাসেবীদের জন্য প্যান্ডেল নির্মাণ, মঞ্চ তৈরি এবং সাউন্ড সিস্টেম স্থাপনসহ প্রয়োজনীয় কাজ এগিয়ে চলছে। নির্ধারিত কর্মসূচিগুলো সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাই দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক কর্মসূচিতে এর আগে লালমনিরহাটে এলেও প্রধানমন্ত্রী হিসেবে এবারই প্রথম সফর করছেন। দীর্ঘ ২২ বছর পর তাঁর এই আগমনকে ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ- উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। তাঁকে স্বাগত জানাতে বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা প্রস্তুতি অপেক্ষায় রয়েছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবেন। এরপর জেলা সদরের মহেন্দ্রনগর এলাকায় পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী সারাদিন লালমনিরহাটে অবস্থান করবেন। সফরের প্রতিটি কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা সম্মিলিতভাবে কাজ করছেন। সবার সহযোগিতায় একটি সুশৃঙ্খল ও সফল আয়োজন সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক উপস্থিত ছিলেন।

এ সময় পৌর বিএনপির আহ্বায়ক আফজাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজু পাটোয়ারী, জেলা যুবদলের আহ্বায়ক ভিপি আনিসসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।