👁 151 Views

নবাবগঞ্জে গৃহবধূ লিমা রানী রায়ের মৃত্যুর বিচারের দাবিতে মানববন্ধন

এম সাজেদুল ইসলাম (সাগর) নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূ লিমা রানী রায়ের (২২) মৃত্যুর ঘটনায় স্বামীসহ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বুধবার (১১ নভেম্বর) বেলা ১২টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে লিমা রানীকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। ঘটনার দিনও তাঁকে নির্মমভাবে মারধর করা হয়। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থেকে তাঁর মৃত্যু হয়। বক্তারা এ নৃশংস ঘটনায় জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের চাচোয়া খামার এলাকায় স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। এজাহারে উল্লেখ করা হয়, যৌতুকের দাবিতে লিমা রানীকে মারধরের একপর্যায়ে ধারালো ব্লেড দিয়ে তাঁর দুই হাতের কবজির রগ কেটে দেওয়া হয়। পাশাপাশি লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে আঘাত করায় তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
এজাহারে আরও বলা হয়, গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ নভেম্বর রাত ৯টা ৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই সৌরভ চন্দ্র সরকার বাদী হয়ে ৫ নভেম্বর পার্বতীপুর মডেল থানায় একটি হত্যা ও নির্যাতন মামলা দায়ের করেন (মামলা নম্বর: ০৮, জিআর নম্বর: ৩১১)। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(ক)/৩০ ধারায় করা এ মামলায় নিহতের স্বামী শিমুল চন্দ্র সরকার ও আরতি বালাসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মনোয়ার হোসেন বলেন, “যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়ে একজন নারীকে এভাবে প্রাণ হারাতে হবে, এটি অত্যন্ত দুঃখজনক ও অমানবিক। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
নিহতের বড় ভাই সৌরভ চন্দ্র সরকার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি আমার বোনের মৃত্যুর সুষ্ঠু বিচার চাই। যারা এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি নিশ্চিত করা হোক।”
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, মামলার মূল আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মানববন্ধনে নিহতের পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।