
আশিকুর রহমান সবুজ, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি নিয়ে ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন লন্ডনপ্রবাসী ব্যারিস্টার খোরশেদ আলম। সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার মাওনা এমসি বাজার (জপ্তারপাড়) এলাকায় নিজ জমিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে ব্যারিস্টার খোরশেদ আলম বলেন, ১৯৭২ সালে তাঁর বাবা মজিবুর রহমান রেজিস্ট্রি দলিলের মাধ্যমে মাওনা এলাকার ৮ নম্বর মুলাইদ মৌজার ১৭ শতাংশ জমির মালিক হন। তাঁর বাবার মৃত্যুর পর ২০২৪ সালে বণ্টননামা দলিলের মাধ্যমে ভাই-বোনেরা নিজ নিজ অংশের মালিকানা লাভ করেন। বর্তমানে তিনি তাঁর বৈধ অংশের জমিতে নিয়ম অনুযায়ী স্থাপনা নির্মাণ করছেন।
তিনি অভিযোগ করেন, গত শনিবার (১৫ আগস্ট) নির্মাণকাজ চলাকালে কামরুল হাসান আজাদ, মাহমুদুল হাসান সোহাগসহ কয়েকজন সেখানে গিয়ে শ্রমিকদের কাজ বন্ধ করতে বলেন। পরবর্তীতে কয়েকজন সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তি ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘জমি দখল’ হিসেবে তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালান।
সংবাদ সম্মেলনে খোরশেদ আলম স্পষ্ট জানিয়ে বলেন, ‘আমি পৈতৃক সূত্রে পাওয়া নিজের জমিতে নির্মাণকাজ করছি। এটিকে জমি দখল বলা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।’ এই ধরনের অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে বক্তব্য জানতে কামরুল হাসান আজাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।