
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সাইফা (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজারামপুর গ্রামের সামছুল হক প্রকাশ শ্যামা মিয়ার নতুন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফা বেগমগঞ্জ উপজেলার ১৩ নম্বর রসুলপুর ইউনিয়নের লাউতলী গ্রামের সারওয়ার হোসেনের মেয়ে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী ও সেনবাগ থানা সূত্রে জানা যায়, কয়েক দিন আগে মায়ের সঙ্গে বাবার বাড়ি বেগমগঞ্জ থেকে নানার বাড়ি সেনবাগের দক্ষিণ রাজারামপুর গ্রামে বেড়াতে আসে সাইফা। সোমবার সকালে নানার বাড়ির বসতঘরের সামনের উঠানে খেলাধুলা করছিল সে। একপর্যায়ে সবার অগোচরে বসতঘর-সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি।
দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শিশুটির দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হযরত আলী মিলন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।