👁 153 Views

নেত্রকোনায় পিক-আপ ভ্যান ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী নিহত

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ নেত্রকোনার পূর্বধলায় পিক-আপ ভ্যান ও সার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন।
মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বিকাল পৌনে ৫টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়া নামক স্থানে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে নেত্রকোনার মদনপুরস্থ হযরত শাহ্ সুলতান কমর উদ্দিন রুমী (রাঃ) এর মাজারের উদ্দেশ্যে তার ভক্তবৃন্দ একটি পিক-আপ ভ্যান চড়ে আজ বৃহস্পতিবার বিকাল অনুমান পৌনে ৫টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়া নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা সার বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিক-আপ ভ্যানের এক নারী ও এক পুরুষ যাত্রী ঘটনাস্থলে নিহত এবং ৫/৬ জন যাত্রী
মারাত্মক আহত হয়।
 স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে নিয়ে যাওয়ার পর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে আরো দুই পুরুষ যাত্রীকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে তিন জন পুরুষ ও এক নারী যাত্রী সহ চার যাত্রী নিহত হয়েছে। অন্য যাত্রীদের অবস্থাও আশংকা জনক।
এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিক-আপ ভ্যান আর সার বুঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ পর্যন্ত চার জন যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
খবর পেয়ে শ্যামগঞ্জ ফাঁড়ির পুলিশ ও শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার কার্যক্রম ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করায় আধাঘন্টা পর  মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *