👁 214 Views

শ্রীপুরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলা: আহত ৩, মোবাইল ও সরঞ্জাম ছিনতাই

‎​আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর):  ‎গাজীপুরের শ্রীপুরে জমি দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল দখলবাজের হামলায় তিন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
‎​
‎আহত সাংবাদিকরা হলেন— মো. মোজাহিদ, আসাদুজ্জামান আসাদ ও ওমর ফারুক মাহী। জানা গেছে, গত বুধবার ওই এলাকায় একটি জমি দখল ও দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। সেই ঘটনার তথ্য ও ভুক্তভোগীদের বক্তব্য নিতে গতকাল বিকেলে ৫-৬ জন সাংবাদিক ঘটনাস্থলে যান। কাজ শেষে ফেরার পথে একদল দুর্বৃত্ত পরিকল্পিতভাবে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
‎​
‎অভিযোগ উঠেছে, রাজাবাড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আব্দুর রউফের ছেলে এবং ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদের নেতৃত্বে ২০-২৫ জন লাঠিসোঁটা নিয়ে এই হামলা চালায়। হামলাকারীরা সাংবাদিকদের মারধর করার পাশাপাশি তাঁদের কাছ থেকে একটি S25 Ultra মোবাইল, একটি Oppo A54 ফোন এবং একটি DJI মাইক্রোফোন ছিনিয়ে নেয়।
‎​
‎হামলার শিকার সাংবাদিকরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে শ্রীপুর মডেল থানার এসআই জহিরুলের নেতৃত্বে পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। বর্তমানে আহতরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
‎​
‎শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করেছে। এই ঘটনায় লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *