
আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারি আইপিটিভি চ্যানেল ‘রূপসী বাংলা’র নেত্রকোনা প্রতিনিধি লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার তীব্র প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে গাজীপুরের শ্রীপুরে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার উপজেলা প্রতিনিধি এস এম জহিরুল ইসলামকে সাজানো ও মিথ্যা মামলা থেকে অবিলম্বে অব্যাহতির দাবি জানিয়েছে শ্রীপুরে কর্মরত সাংবাদিক সমাজ।
সোমবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শ্রীপুর থানা রোডে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী অংশ নিয়ে সাংবাদিক হত্যা ও হয়রানির বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন।
‘দৈনিক আমাদের সময়’-এর শ্রীপুর প্রতিনিধি ও শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে এবং ‘দৈনিক আজকের পত্রিকা’-এর প্রতিনিধি রাতুল মণ্ডলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন— দৈনিক নয়া দিগন্তের শ্রীপুর প্রতিনিধি অধ্যাপক আবুল কালাম আজাদ, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি মোহাম্মদ মোজাহিদ, আশরাফুল ইসলাম সরকার, মুনসুরুল ইসলাম ও হাসান হাবিবসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, “সাংবাদিকের ওপর গুলি চালানো ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা কেবল একজন ব্যক্তির ওপর আঘাত নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের সত্য জানার অধিকারের ওপর মারাত্মক হুমকি।” অবিলম্বে সাংবাদিক আলিফ হত্যার সুষ্ঠু বিচার এবং সাংবাদিক জহিরুলের বিরুদ্ধে দায়ের করা সাজানো মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
বক্তারা আরও উল্লেখ করেন, স্বাধীন সাংবাদিকতা রক্ষা কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থের বিষয় নয়, এটি গণতন্ত্র, মানবাধিকার ও একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার পূর্বশর্ত। গণমাধ্যমকর্মীদের ওপর অত্যাচার ও হয়রানি বন্ধ না হলে দেশে ভয়ের পরিবেশ সৃষ্টি হবে, যা কোনোভাবেই কাম্য নয়।
নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামের বাসিন্দা ছিলেন। অন্যদিকে, মিথ্যা মামলার শিকার এস এম জহিরুল ইসলাম (৩২) শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের মোঃ শাহজাহানের ছেলে। তিনি দৈনিক আমার দেশ-এর শ্রীপুর প্রতিনিধি এবং শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক। শ্বশুরবাড়ির লোকজনের সাথে জমি সংক্রান্ত বিরোধে হস্তক্ষেপ করায় প্রতিপক্ষ এক নারী তাকে প্রধান আসামি করে মিথ্যা মামলাটি দায়ের করেন বলে অভিযোগ উঠেছে।
মানববন্ধন শেষে উপস্থিত সাংবাদিকদের অংশগ্রহণে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শ্রীপুর পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা রোডে এসে শেষ হয়।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আরফান আলী জানান, আদালতে দায়ের করা জমি সংক্রান্ত বিরোধের মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে নিরপেক্ষভাবে ঘটনা নিশ্চিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।