👁 364 Views

যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা

যশোর প্রতিনিধি : কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মানহানির অভিযোগে যশোর আদালতে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য ও খড়কির বাসিন্দা মেহেদী হাসান জিল্লু বাদী হয়ে এ মামলা করেন।
যশোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), যশোরকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম.এ. গফুর।
মামলায় বাদী উল্লেখ করেছেন, ২০২৩ সালে চট্টগ্রামে আয়োজিত একটি মাহফিলে বক্তা হিসেবে উপস্থিত থেকে আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন ও সম্মানহানিকর বক্তব্য দেন। অভিযোগে বলা হয়, একজন মৃত ব্যক্তিকে নিয়ে এমন বক্তব্য কোকোর ব্যক্তিগত মর্যাদাকে ক্ষুণ্ন করার পাশাপাশি পুরো জিয়া পরিবারের সম্মানকে আঘাত করেছে।
বাদী দাবি করেছেন, ওই বক্তব্যের কারণে কোকো ও তার পরিবার জনসমক্ষে হাস্যকর পরিস্থিতির শিকার হয়েছেন, যা অত্যন্ত নিন্দনীয় এবং আপত্তিকর। তিনি আরও উল্লেখ করেছেন, ১৭ জানুয়ারি বিএনপির যশোর লালদীঘির পাড়ের পার্টি অফিসে অবস্থানকালে অনলাইনে ওই বক্তব্যের ভিডিও দেখার পর গভীরভাবে হতবাক ও মর্মাহত হন।
আইনজীবী এম.এ. গফুর বলেন, “একটি স্বাধীনতাবিরোধী চক্র জিয়া পরিবারের নামে কটূক্তি করছে এবং মানহানিকর বক্তব্য দিয়েছে। আমরা অনতিবিলম্বে তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে মামলা করেছি।”
উল্লেখ্য, অভিযুক্ত আমির হামজা কুষ্টিয়া সদর উপজেলার ডাবিরাভিটা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *