👁 534 Views

ফুলবাড়ী সীমান্তে এক নারী ও শিশুকে পুশইন-শূন্য রেখায় বিএসএফ- বিজিবি’র বৈঠক চলছে

লিমন হায়দারঃ দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে এক নারী ও শিশুকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশে পুশইন করেছে বলে ২৯ বিজিবি’র পক্ষ থেকে তথ্য পাওয়া গেছে। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।

৬ অক্টোবর(মঙ্গলবার) ভোর সাড়ে ৫টার দিকে ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জলপাইতলী বিজিবি ক্যাম্প সংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।তাদের দাবি, সীমান্তের ৩০৩/৫-এস পিলার থেকে প্রায় ২০গজ দূরে ভারতের জাকিরপুর এলাকা দিয়ে ভারতীয় বিএসএফ সদস্যরা ওই নারী ও শিশুকে বাংলাদেশে পাঠায়।

স্থানীয় ইউপি সদস্য মতিয়ার রহমান জানান, পুশইনের শিকার দু’জন হলেন ভারতের আজমির জেলার দারোগাবাজার থানার আন্দারকোট গ্রামের মুহিন ইসলামের স্ত্রী সুলতানা বেগম(৪০)ও তার মেয়ে আলেয়া (৮)।তাদের কাছে ভারতীয় আধার কার্ড রয়েছে বলেও জানান তিনি।ওই ইউপি সদস্য আরো বলেন, সকালে ওই নারী তার কাছে এলে তিনি বিষয়টি বিজিবিকে জানান।পরে নারী ও শিশুটি সীমান্তের বানাহার এলাকায় অবস্থান নেন বলে জানান তিনি।

তবে এ বিষয়ে ২৯ বিজিবি’র অধিনায়ক আরিফ-উজ-জামান এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,আজ মঙ্গলবার ভোরে বিএসএফ কর্তৃক এক নারী ও শিশুকে পুশইনের ঘটনা ঘটেছে।এরপর ২৯ বিজিবি’র সদস্যরা ওই নারী ও শিশুকে নিয়ে সীমান্তের শূন্য রেখায় বিএসএফের সাথে বসেছে।তাদের ব্যাপারে বিভিন্ন তথ্য যাচাই বাছাই করছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী।এই প্রক্রিয়া শেষ হলেই তাদেরকে পুনরায় ভারতে পাঠানো হবে।