👁 477 Views

মাদারীপুরে শকুনি লেকপাড় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের ঐতিহ্যের প্রতীক শকুনি লেকের পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্থানীয় সামাজিক সংগঠন ‘ভোরের হাওয়া ব্যায়াম সংগঠন’। শুক্রবার ভোরে ‘পরিচ্ছন্ন লেকপাড়, আমাদের অঙ্গীকার’ এবং ‘শকুনি লেক বাঁচাও, মাদারীপুর বাঁচাও’—এই শ্লোগানে মুখরিত হয়ে সংগঠনের সদস্য ও স্থানীয় পরিবেশপ্রেমীরা পরিচ্ছন্নতার নানা সামগ্রী নিয়ে লেকপাড়ে জড়ো হন। তারা লেকের চারপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং পরিষ্কার করা স্থানে বিভিন্ন প্রজাতির ভেষজ, ফলদ ও শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ করেন।

কর্মসূচিসংক্রান্ত সমাবেশে বক্তারা বলেন, “শকুনি লেক মাদারীপুরের প্রাণকেন্দ্র ও বিনোদনের প্রধান স্থান। কিন্তু যত্রতত্র হকারদের উপস্থিতি এবং অব্যবস্থাপনার কারণে লেকের স্বাভাবিক সৌন্দর্য বিঘ্নিত হচ্ছে।” লেকপাড়কে সম্পূর্ণ হকারমুক্ত করার দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, “আমরা মাদারীপুরবাসীকে একটি পরিচ্ছন্ন, নান্দনিক ও আধুনিক লেকপাড় উপহার দিতে চাই। এর জন্য সর্বস্তরের নাগরিকদের সচেতন হওয়া এবং প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।”
এসময় উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা গোলাম মোস্তফা, ব্যবসায়ী রিয়াজউদ্দিন, সরকারি চাকুরীজীবী শিপন খান, সাংবাদিক ইমদাদুল হক মিলন, রুহুল আমিন, ব্যারিষ্টার শহীদুল ইসলাম, মো. মনির সহ অন্যরা।

পরিচ্ছন্ন ও সবুজ মাদারীপুর গড়ে তোলার লক্ষ্যে ভোরের হাওয়া সংগঠনের এই সময়োপযোগী ও পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুধীজন ও পথচারীরা।