👁 206 Views

সেনবাগ সরকারি ডিগ্রি কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি :  নোয়াখালীর সেনবাগ সরকারি ডিগ্রি কলেজে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে কলেজ অডিটোরিয়ামে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ তাসলিম উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ) আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।

অনুষ্ঠানে বক্তব্য দেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরফানুল হক চৌধুরী, সেনবাগ থানার ওসি ভারপ্রাপ্ত  হযরত আলী মিলন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সানা উল্লাহ, যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম রুবেল, কলেজ ছাত্রদলের সভাপতি মো. শামীম ও সাধারণ সম্পাদক মো. সামি।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান, পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. ফারুক বাবুল, সদস্য সচিব সহিত উল্লাহ, বিএনপি নেতা বাহার উল্লাহ বাহার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মুজিব, ছাত্রদল নেতা সমিরসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে এমপি জয়নুল আবদিন ফারুক ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, রাজনীতি করার অধিকার সবার রয়েছে। কাউকে জোর করে কোনো রাজনৈতিক দলে যোগদান করানো থেকে বিরত থাকতে হবে। শিক্ষকদের সম্মান করতে হবে এবং কোনোভাবেই শিক্ষকদের সঙ্গে বেয়াদবি বা অসম্মানজনক আচরণ করা যাবে না।

তিনি বলেন, সেনবাগ সরকারি ডিগ্রি কলেজে শিক্ষক সংকট রয়েছে। আগামী তিন মাসের মধ্যে এ সংকট সমাধানের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে কলেজের সড়ক নির্মাণ ও পানির সমস্যা সমাধানেরও আশ্বাস দেন তিনি।

কলেজের ছাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বখাটে, ইভটিজার ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশনা দেন এমপি।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *