
রংপুর ব্যুরো: রংপুরের বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিক আঃ রাজ্জাক (রিয়াদ)-এর গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর, ফসল নষ্ট এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। একই সঙ্গে ভোগদখলীয় জমি জবরদখলের আশঙ্কা করছেন সাংবাদিকের পরিবার। এ ঘটনায় আদালতের দ্বারস্থ হলে বিরোধপূর্ণ জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় আদেশ জারি করেছেন আদালত।
ঘটনাটি বদরগঞ্জ উপজেলার ১৫ নম্বর লোহানীপাড়া ইউনিয়নের উত্তর মাদাই খামার গ্রামের। সাংবাদিক আঃ রাজ্জাক (রিয়াদ) দৈনিক সকালবেলা পত্রিকার বদরগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং দৈনিক মুখপাত্র পত্রিকার রংপুর ব্যুরো প্রধান হিসেবে কর্মরত।
মামলার বাদী ফাতেমা বেগম সাংবাদিক রিয়াদের নানি। পরিবারের দাবি, বাবা-মায়ের মৃত্যুর পর উত্তরাধিকারসূত্রে পাওয়া জমি নিয়ে বাটোয়ারা মামলা করে ফাতেমা বেগম একতরফা প্রাথমিক ও চূড়ান্ত ডিক্রি পান। ২০১৭ সালে আদালতের মাধ্যমে তিনি জমির দখল বুঝে পান। এরপর থেকে ওই জমি ভোগদখল ও চাষাবাদ করে আসছেন। তাদের দাবি, ফাতেমা বেগমের নামে আদালতের ডিক্রি এখনো বহাল রয়েছে। তবে তা উপেক্ষা করে প্রতিপক্ষ জমিতে প্রবেশ ও দখলের চেষ্টা করছে। এ নিয়ে বিভিন্ন সময়ে মারধর ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের।
আদালতের নথি সূত্রে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে ফাতেমা বেগমের সঙ্গে স্থানীয় কয়েকজনের বিরোধ চলে আসছে। এ ঘটনায় তিনি মো. গোলজার হোসেন (৬৫), মো. আমজাদ আলী (৬২), মো. জহির উদ্দিন (৫৮), মো. সাইফুল ইসলাম (৫৫), মো. সাকেরুল ইসলাম (৫২), মোছা. জরিনা খাতুন (৪৮), মোছা. হালেমা খাতুন (৪৪) ও মোছা. ছাকিয়া খাতুনসহ আটজনের বিরুদ্ধে রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন দায়ের করেন। মামলাটির নম্বর ১২৯৭/২৬।
আবেদনে বাদী অভিযোগ করেন, বিবাদীপক্ষ তাঁর ভোগদখলীয় সম্পত্তিতে অবৈধভাবে প্রবেশ করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। এ নিয়ে একাধিকবার হুমকি-ধমকি দেওয়া হয়েছে। বাড়িতে হামলা-ভাঙচুর এবং জমির ফসল নষ্ট করার অভিযোগও করা হয়েছে। জমিতে প্রবেশে বাধা দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বিরোধপূর্ণ জমির প্রকৃত দখল, মালিকানা, ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং নামজারিসংক্রান্ত কাগজপত্র সরেজমিনে যাচাইয়ের নির্দেশ দিয়েছেন। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-কে নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি বিরোধপূর্ণ জমিতে কোনো ধরনের সংঘর্ষ, বিশৃঙ্খলা কিংবা অপ্রীতিকর ঘটনা এড়াতে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫(১) ধারায় নোটিশ জারি করেছেন আদালত। আদালতের নির্দেশনা অনুযায়ী, উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং জমিতে বর্তমানে যে অবস্থায় যে পক্ষের দখল ও চাষাবাদ রয়েছে, তা বহাল রাখতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও প্রতিবেদন দাখিলের জন্য বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে বাদীপক্ষের অভিযোগ, আদালতে মামলা দায়েরের পরও প্রতিপক্ষের হুমকি-ধমকি বন্ধ হয়নি। কয়েকটি ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী ও ভাড়াটে লোকজন জড়ো করে জমি দখলের হুমকি দেওয়া হচ্ছে। জমিতে প্রবেশে বাধা দিলে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি তাদের। এতে পুরো পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, “আদালতের ১৪৪ ধারার আবেদনের কাগজটি পেয়েছি।”
আদালতের নথি অনুযায়ী, মামলাটির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৩ জানুয়ারি। এর আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে।