👁 258 Views

বিদেশে পাঠানো নিয়ে বিরোধ, মহেশপুরে কৃষককে কুপিয়ে হত্যা

মাকসুদুল হক, ঝিনাইদহ প্রতিনিধি– শুক্রবার ১৩ নভেম্বর : ঝিনাইদহের মহেশপুরে আর্থিক লেনদেন নিয়ে কথা-কাটাকাটির জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নূর মোহাম্মদ নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার পুড়াদহ গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পুড়াদহ গ্রামের মাঠে পাশাপাশি জমিতে পাকা কলাই কাটছিলেন ওই গ্রামের নূর মোহাম্মদ ও জসিম উদ্দিন। এ সময় নূর মোহাম্মদের খালাতো বোনের স্বামী বিল্লালকে বিদেশে পাঠানোর জন্য জসিমের সঙ্গে করা আর্থিক লেনদেন নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে উত্তেজিত হয়ে জসিম তাঁর হাতে থাকা হাসুয়া দিয়ে নূর মোহাম্মদকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল (সদর) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।