👁 416 Views

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে পাবনায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বার্তা সংস্থা পিপ (পাবনা) : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
জেলা যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুর হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, সদস্য সচিব মনির আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্টের যে কোনো অপচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। তারা দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং রাজনৈতিক সহাবস্থানের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।