
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় অনৈতিক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় স্থানীয় নাটকের জনপ্রিয় কৌতুক অভিনেতা মজিবর রহমানের সহকারী রফিকুল ইসলাম ওরফে রফিসহ চারজনকে আটক করেছে পুলিশ। আজ ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. মঙ্গলবার দুপুরে উপজেলার ভাটই বাজারের আহসান নগর এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকায় শৈলকুপা থানার একটি বিশেষ চৌকস দল ভাটই বাজারস্থ আহসান নগরের ‘বশির আর্মি’র ভাড়া বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় হাতেনাতে দুই পুরুষ ও দুই নারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— শৈলকুপার গোলকনগর গ্রামের মৃত আব্দুর রশিদ মন্ডলের ছেলে ও কৌতুক অভিনেতা মজিবরের সহকারী রফিকুল ইসলাম (৪৩), মাগুরার শ্রীপুর উপজেলার চাকদাহ গ্রামের রফিকুল মন্ডলের ছেলে মোঃ ইকবাল হোসেন (৩৫), ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের আবু তাহেরের মেয়ে মোছাঃ ছোনিয়া খাতুন (২৫) এবং রফিকুল ইসলামের স্ত্রী মোছাঃ জোহরা খাতুন (২১)।
অভিযান শেষে পুলিশ জানায়, ১নং আসামি রফিকুল ইসলামের দেহ তল্লাশি করে ২৭ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এবং ২২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া ঘরটি থেকে মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আপত্তিকর সরঞ্জামাদি জব্দ করেছে পুলিশ। আটককৃত রফিকুল ইসলাম স্থানীয়ভাবে ইউটিউব ও ফেসবুক ভিত্তিক আঞ্চলিক নাটকের পরিচিত মুখ কৌতুক অভিনেতা মজিবরের সহ-শিল্পী বা সহকারী হিসেবে কাজ করতেন বলে নিশ্চিত করেছে স্থানীয় একাধিক সূত্র।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংবাদমাধ্যমকে জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি ব্যক্ত করেন।