
এম সাজেদুল ইসলাম (সাগর) , নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ; দিনাজপুরের নবাবগঞ্জে সড়কের ওপর গাছ ফেলে যানবাহনের গতিরোধ করে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। এ সময় একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানসহ অন্তত চারটি গাড়ি আটকে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সোমবার (১২ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার ভাদুরিয়া-দাউদপুর সড়কের জামালপুর এলাকায় এই দুর্ধর্ষ ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে নুর মোহাম্মদ নামে একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী চালকরা জানান, সোমবার রাত আনুমানিক ২টার দিকে দুর্বৃত্তরা ভাদুরিয়া-দাউদপুর সড়কের জামালপুর অংশে সড়কের মাঝখানে বিশাল গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান, একটি ব্যক্তিগত কার (প্রাইভেট কার), সবজিবাহী একটি পিকআপ এবং মুরগিবাহী একটি গাড়ি আটকা পড়ে।
গাড়িগুলো থামামাত্রই ওত পেতে থাকা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একযোগে হামলা চালায়। তারা গাড়িগুলোতে ভাঙচুর চালিয়ে চালক ও আরোহীদের জিম্মি করে মালামাল লুটপাট করে। গভীর রাতে নির্জন সড়কে আকস্মিক এই হামলায় চালক ও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বা কী পরিমাণ মালামাল লুট হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ঘটনার খবর পেয়ে রাতেই দ্রুত ঘটনাস্থলে ছোটেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন। তিনি সড়কের পরিস্থিতি ঘুরে দেখেন এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে ঘটনার বিবরণ নেন। ঘটনার পরপরই পুলিশি তৎপরতা জোরদার করা হয় এবং এই ডাকাতির চেষ্টার মামলার প্রেক্ষিতে সন্দেহভাজন হিসেবে নুর মোহাম্মদ নামে একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন বলেন, “আমরা এই ডাকাতির ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে কাজ করছি। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে। এই চক্রের সঙ্গে কারা জড়িত, তাদের শনাক্ত করতে তদন্ত চলছে। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। বাকি অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এদিকে, গভীর রাতে উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়কে এ ধরনের দুঃসাহসিক অপরাধের ঘটনায় সাধারণ মানুষ ও নৈশকালীন চালকদের মধ্যে নিরাপদে যাতায়াত নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। সড়কে রাতের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।