
এম সাজেদুল ইসলাম (সাগর) নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে নিখোঁজের চার দিন পর মুফিদল ইসলাম (৩০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের মালদহ গ্রামের একটি পরিত্যক্ত টয়লেটের কূপ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মুফিদল ইসলাম ওই গ্রামের লালু মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার থেকে মুফিদল ইসলাম নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। আজ সোমবার বিকেলে স্থানীয় বাসিন্দারা গ্রামের একটি পরিত্যক্ত টয়লেটের কূপের ভেতর মরদেহটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কূপ থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই যুবকের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।