
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় জমি দখলকে কেন্দ্র করে এক নারী ও তার মেয়েকে মারধর, শ্লীলতাহানি এবং মেয়ের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রাজিয়া খাতুন বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা এলাকায় রাজিয়া খাতুনের ভোগদখলীয় জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করেন মো. শামীম (২৫), ফখরুল (৩০) ও মার্জিয়া খাতুন (২০)।
এ সময় রাজিয়া খাতুন ও তার মেয়ে বাধা দিলে অভিযুক্তরা তাদের মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে মা-মেয়ের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়। একপর্যায়ে তাদের পোশাক টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া রাজিয়া খাতুনের মেয়ের গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন,যার আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা, ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহত মা-মেয়ে ভালুকা সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।
ভুক্তভোগী রাজিয়া খাতুন অভিযোগ করে বলেন, তারা দীর্ঘদিন ধরে ওই জমি ভোগদখল করে আসছেন। অভিযুক্তরা জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণের চেষ্টা করলে তারা বাধা দেন। এ সময় তাদের ওপর হামলা চালানো এবং মেয়ের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে।
এ ঘটনায় তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ না করায় তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।