
আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রকাশ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় ‘সি স্টেজ (বিডি) লিমিটেড’ কারখানার সহস্রাধিক শ্রমিক এ অবরোধ সৃষ্টি করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কারখানা কর্তৃপক্ষের কাছে শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতন বকেয়া ছিল। মালিকপক্ষ গত ১০ অক্টোবর বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও নির্ধারিত সময়ে তা পরিশোধ করা হয়নি। পরবর্তীতে ১৩ ও ১৪ অক্টোবর বেতন দেওয়ার নতুন আশ্বাস দেওয়া হলেও বারবার সময় পিছিয়ে বেতন পরিশোধ না করায় শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার সকালে শ্রমিকেরা কারখানায় গিয়ে কাজ শুরু করতে চাইলে গেটে সাধারণ ছুটির নোটিশ ঝুলতে দেখেন। এতে ক্ষুব্ধ হয়ে সহস্রাধিক শ্রমিক একযোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ঘটনার সংবাদ পেয়ে সকাল নয়টার দিকে শিল্প পুলিশ ও মাওনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। শ্রমিকেরা অবরোধ অব্যাহত রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের অ্যাকশনের পর শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। পরে বেলা সাড়ে ১০টার দিকে শ্রমিকদের কারখানার সামনে জড়ো হতে দেখা যায়।
বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, নির্ধারিত সময়ে বেতন না পেয়ে তারা মানবিক কষ্টে দিন কাটাচ্ছেন। বকেয়া মেটানোর কথা বলে বার বার সাধারণ ছুটি ঘোষণা করা অন্যায়। দ্রুততম সময়ের মধ্যে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের জোর দাবি জানান তারা।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, শ্রমিকেরা আধা ঘণ্টার মতো মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। শিল্প পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়লে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান এবং যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সি স্টেজ (বিডি) লিমিটেডের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। মালিকপক্ষের সাথে আলোচনার আশ্বাস দিয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে দিতে বলা হয়। শ্রমিকেরা সরে না যাওয়ায় বাধ্য হয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বকেয়া পরিশোধের উদ্যোগ নেওয়া হচ্ছে।