👁 160 Views

দুপচাঁচিয়ার নূর আলম গ্রামের মাদ্রাসা থেকে চীনে উচ্চশিক্ষা, এখন কোরিয়ায় দ্বিতীয় মাস্টার্সের পথে

 

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধি:
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ডাকাহার গ্রামের জনাব মো. মোজাহার আলম ও নূরজাহান বিবির সন্তান জনাব মো. নূর আলম। গ্রামের সাধারণ পরিবেশ থেকে শিক্ষাজীবন শুরু করে তিনি আজ পাড়ি জমিয়েছেন আন্তর্জাতিক উচ্চশিক্ষার অঙ্গনে।

বাংলাদেশে স্নাতক সম্পন্ন করার পর চীনে ফুল-ফান্ডেড স্কলারশিপে প্রথম মাস্টার্স ডিগ্রি অর্জন করে বর্তমানে দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যবাহী গ্যাচন ইউনিভার্সিটিতে (Gachon University) দ্বিতীয় মাস্টার্সের গবেষণা করছেন তিনি।নূর আলম স্থানীয় তারাজুন মকসেদিয়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল এবং বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ (BIAM Laboratory School and College) থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস করেন। এরপর নওগাঁ সরকারি কলেজের ২০১৬–১৭ শিক্ষাবর্ষে প্রাণীবিজ্ঞান (Zoology) বিভাগে ভর্তি হয়ে কৃতিত্বের সঙ্গে স্নাতক (সম্মান) ডিগ্রি সম্পন্ন করেন।

স্নাতক শেষ করার পরই তাঁর সামনে খুলে যায় আন্তর্জাতিক উচ্চশিক্ষার নতুন দ্বার। চীন সরকারের ফুল-ফান্ডেড স্কলারশিপ নিয়ে তিনি চীনে প্রথম মাস্টার্স ডিগ্রি সফলভাবে সম্পন্ন করেন। বর্তমানে দক্ষিণ কোরিয়ার ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্কলারশিপ’-এর আওতায় গ্যাচন ইউনিভার্সিটিতে দ্বিতীয় মাস্টার্সের গবেষণাকাজ চালিয়ে যাচ্ছেন।

নূর আলম তাঁর এই শিক্ষাযাত্রার পেছনে মা-বাবা, পরিবারের সদস্য, শিক্ষক এবং এলাকাবাসীর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।নূর আলম বলেন, “গ্রাম থেকে উঠে এসে বাংলাদেশ, চীন ও কোরিয়া—এই দীর্ঘ শিক্ষাযাত্রায় দুটি মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। দুপচাঁচিয়াবাসীর ভালোবাসা ও দোয়া আমার পথচলার অন্যতম অনুপ্রেরণা।”

ভবিষ্যতে উচ্চশিক্ষা সফলভাবে সম্পন্ন করে দেশের কল্যাণে এবং নিজের জন্মস্থান দুপচাঁচিয়ার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন এই তরুণ। তাঁর এই সাফল্য স্থানীয় শিক্ষার্থী ও তরুণদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার স্বপ্ন দেখতে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *