
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ডোবার পানিতে ডুবে শামসুদ্দীন আহমেদ রকি (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরের দিকে বাড়ি সংলগ্ন কলাবাগানে পরিচ্ছন্নতার কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহত শামসুদ্দিন আহমেদ রকি উপজেলা পাঁচপাকিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
জানা যায়, রোববার দুপুরের পূর্ব মূহুর্তে বাড়ি সংলগ্ন নিজস্ব একটি কলাবাগানে পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এ সময় তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে ডোবার পানিতে পড়ে যান। পরে লোকজন দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারও কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা নথিভুক্ত করা হয়েছে।