👁 229 Views

স্বাস্থ্যসেবা বিভাগে সরকার গুরুত্ব দিয়েছে- অতিরিক্ত সচিব মো. হুজুর আলী

রংপুর ব্যুরো:রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে হামের চিকিৎসাসহ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের স্বাস্থ্যসেবা বিভাগ গুরুত্ব দিয়েছে। অতিরিক্ত সচিব মো. হুজুর আলী পরিদর্শনকালে বলেন,রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার,হৃদরোগ, কিডনি বিভাগ তৈরি হচ্ছে। আমি সরেজমিনে সেই অবকাঠামো পরিদর্শন করেছি। এসব অবকাঠামো তৈরির সঙ্গে সঙ্গে যেন প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হয়, সেলক্ষ্যে আমি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। এ ছাড়া, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, শিশু হাসপাতালসহ অন্য হাসপাতালগুলোতে জনবল নিয়োগের জন্য উদ্যোগ নেওয়া হবে।
অতিরিক্ত সচিব বলেন,জনবল নিয়োগ একটি জটিল প্রক্রিয়া। এটি শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর নির্ভর করে না। জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এর সঙ্গে জড়িত রয়েছে। তবে সরকারের স্বদিচ্ছা আছে, তাই সংকট দ্রুত সমাধান হবে আশা করছি।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়, রোগী, স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। সেইসঙ্গে হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করে অগ্রগতির খোঁজ-খবর নেন।
আজ শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা বলেন,স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হুজুর আলী। তিনি আরও বলেন,রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল দেশের পুরাতন হাসপাতাল হলেও এর প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়নি। ৬০০ বেডের হাসপাতালকে এক হাজার শয্যায় উন্নীত করা হলেও সেই অনুযায়ী জনবল নিয়োগ হয়নি। ফলে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে। এ ছাড়া, ১ হাজার শয্যার হাসপাতালে বর্তমানে আড়াই হাজার রোগী চিকিৎসাসেবা নিচ্ছে। ফলে জনবল না থাকায় স্বাস্থসেবা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে সেবাগ্রহীতাদের অভিযোগ রয়েছে।
পরিদর্শনকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান,ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. শরিফুল ইসলাম নন্তুসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *