
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ): নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সদস্যরা সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে মোট ১৮৭০ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেন। এসময় চোরাকারবারি পালিয়ে যায়।
বিজিবি সূত্র জানায়, গত ১৬ জুলাই ২০২৬ তারিখ ২০০০ ঘটিকায় শীতলমাঠ বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ সুলতান খান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৪ এমপি হতে আনুমানিক ০৪ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিহাড়া বাজারের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালীন সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থান হতে বিজিবি টহলদল কর্তৃক মালিকবিহীন অবস্থায় ৩৭০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
অপরদিকে, গত ১৭ জুলাই কড়িয়া বিওপি’র টহল কমান্ডার নাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭৯ এমপি হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পারুল গ্রামের হাফিজিয়া মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালীন সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের আঁধারে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থান হতে বিজিবি টহলদল কর্তৃক মালিকবিহীন অবস্থায় ১৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য পাঁচবিবি থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। সর্বমোট সিজার মূল্য- ৩,০০,০০০/- টাকা।
নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল প্রকার অপরাধ কার্যক্রম দমনে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।