
পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি: আকস্মিকভাবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনের সময় কুকুরের কামড়ে আহত এক রোগীর অভিযোগের ভিত্তিতে দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগে এক সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসারের (সেকমো) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পরে অভিযোগকারী রোগীকে বাইরে থেকে কেনা ভ্যাকসিনের ১ হাজার ৩০ টাকা ফেরত দেওয়ারও মৌখিক নির্দেশ দেন।
রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মন্ত্রী গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যান। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ পূর্ব থেকে অবগত না থাকায় অপ্রস্তুত অবস্থায় ছিল। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাও তখন ছুটিতে ছিলেন।
পরিদর্শনের সময় শামসুন্নাহার নামে কুকুরের কামড়ে আহত এক রোগী অভিযোগ করেন, হাসপাতালে ভ্যাকসিন মজুত থাকা সত্ত্বেও তাকে বাইরে থেকে ১ হাজার ৩০ টাকা দিয়ে ভ্যাকসিন কিনতে বাধ্য করা হয়। অভিযোগ শুনে স্বাস্থ্যমন্ত্রী তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদুর রহমান আকন্দকে ফোন করে অভিযুক্ত সেকমো হেদায়েতুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. জিল্লুর রহমানকে সতর্কতামূলক চিঠি (ওয়ার্নিং লেটার) দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
পরে ডা. মাসুদুর রহমান আকন্দ জানান, ঘটনাটি অফিস সময় শেষ হওয়ার পর ঘটেছিল। তবে মন্ত্রীর নির্দেশ অনুযায়ী অভিযোগকারী রোগীকে ১ হাজার ৩০ টাকা ফেরত দেওয়া হবে। টাকা পরিশোধ করা হলে অভিযুক্ত স্বাস্থ্যকর্মীর সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে বলেও মন্ত্রী মৌখিকভাবে জানিয়েছেন।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে দুপুরে স্বাস্থ্যমন্ত্রী গাইবান্ধা জেনারেল হাসপাতালও পরিদর্শন করেন।