
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন(৪৫) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে শ্যামলীপাড়া- মোহনপুর আঞ্চলিক সড়কের পৌর সদরের উল্লাপাড়া পশ্চিমপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কালিয়াকৈর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
এবিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, রোববার সকালে শিক্ষক মোশাররফ হোসেন ঝিকিড়া এলাকার ভাড়া বাসা থেকে মোটরসাইকেলযোগে বিদ্যালয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে শ্যামলীপাড়া-মোহনপুর আঞ্চলিক সড়কের গ্যাসলাইন হাট সংলগ্ন ব্রিজ এলাকায় পৌঁছালে একটি বালুবাহী ট্রাক ওভারটেক করার সময় ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।