👁 403 Views

পলাশবাড়ীতে রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৮ নম্বর মনোহরপুর ইউনিয়নের কুমিদপুর গ্রামের পুটিমাড়ি চৌরাস্তা বাজার এলাকায় জনসাধারণের চলাচলের রাস্তার অংশ দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়দের অভিযোগ, প্রভাব খাটিয়ে রাস্তার অংশ দখল করে ঘর নির্মাণের ফলে সড়কের একাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে নির্মাণকাজের কারণে রাস্তার পাশে গভীর গর্ত সৃষ্টি হয়েছে। এতে পাকা সড়কের স্থায়িত্ব হুমকির মুখে পড়েছে এবং ভরা বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ওই গর্তে জমে ও প্রবাহিত হয়ে রাস্তার আরও ক্ষতি করছে। ফলে রিকশা, ভ্যানসহ ছোট যানবাহন এবং পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব রিপন বলেন, “যারা ঘর নির্মাণ করছেন, তারা জায়গাটি নিজেদের দাবি করছেন। তবে সরকারি আমিন দিয়ে সীমানা ও রাস্তার মাপজোক করা হলে প্রকৃত অবস্থান স্পষ্ট হয়ে যাবে এবং রাস্তার জায়গা থাকলে তা চিহ্নিত হবে।”
স্থানীয় প্রবীণ বাসিন্দা মহব্বত আলী বলেন, “আমার জন্মের পর থেকেই এই জায়গাটি জনসাধারণের রাস্তা হিসেবে ব্যবহার হয়ে আসছে। হঠাৎ রাতারাতি রাস্তার ওপর স্থাপনা নির্মাণের চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক।”
এ বিষয়ে সচেতন মহলের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে রাস্তার প্রকৃত সীমানা নির্ধারণ এবং জনস্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
আইন যা বলে:
বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, সরকারি সড়ক, জনসাধারণের চলাচলের পথ বা সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা আইনসম্মত নয়। সরকারি জমি বা রাস্তার সীমানা নির্ধারণের জন্য সংশ্লিষ্ট ভূমি প্রশাসন ও জরিপ কর্তৃপক্ষ (সরকারি আমিন/ভূমি অফিস) মাপজোকের মাধ্যমে প্রকৃত মালিকানা ও অবস্থান নির্ধারণ করে।
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ পদক্ষেপের মাধ্যমে জনসাধারণের চলাচলের পথ নিরাপদ ও দখলমুক্ত রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *