
এম সাজেদুল ইসলাম (সাগর) নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: “নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় ৫০ শয্যা বিশিষ্ট নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। এরপর হাসপাতাল এলাকায় একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আব্দুল্লাহ আল মামুন। এ সময় আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. ইয়াবিদ আল শাফায়াত, ডা. সাব্বির হোসেন, নার্সিং সুপারভাইজার, সিনিয়র স্টাফ নার্সসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, “ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা সবচেয়ে জরুরি। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি এবং বাড়ি ও কর্মস্থলের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, তবে এই মশাবাহিত রোগের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।” তিনি আরও ঘোষণা দেন যে, এখন থেকে প্রতি শনিবার হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে এই পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।