
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ নেত্রকোনা-মোহনগন্জ সড়কে পিক-আপ ভ্যান ও সিএনজির সংঘর্ষে মোঃ এনামুল হক (৪৬) নামক এক ব্যবসায়ী নিহত হয়েছে।
মর্মান্তিক এ দুর্ঘটনায় ঘটেছে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে নেত্রকোনা সদর উপজেলার বাংলা ইউনিয়নের কান্দুলিয়া নামক স্থানে।
নিহত এনামুল হক বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, এনামুল এলাকায় শুঁটকির ব্যবসা করতেন। পাশাপাশি ঢাকায় তাঁদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যা তাঁর অন্য ভাইয়েরা দেখা শোনা করেন। ব্যবসায়িক কাজে সম্প্রতি তিনি ঢাকায় গিয়েছিলেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে রওনা হয়ে দুপুর ১২টার দিকে নেত্রকোনায় পৌঁছান এনামুল। পরে সিএনজি করে মোহনগঞ্জের দিকে রওনা হন। বেলা সাড়ে ১২টার দিকে জেলা সদরের কান্দুলিয়া এলাকায় সিএনজিটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিক-আপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিটি সড়ক থেকে ছিটকে পাশের খেতে পড়ে যায় এবং এনামুল মাথায় গুরুতর আঘাত পায়।
আশপাশের উপস্থিত লোকজন তাঁকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁর পরীক্ষা নিরীক্ষা করে এনামুলকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের বলেন, পুলিশ দুর্ঘটনা কবলিত পিক-আপ ভ্যান ও সিএনজিটি জব্দ করেছে। তবে দুই চালকই পালিয়ে গেছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি পক্রিয়া চলমান রয়েছে।