👁 113 Views

লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৯৬ রোগী

আরিফুল ইসলাম মহিন,পার্বত্য প্রতিনিধি: পার্বত্য জেলা খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় স্থানীয় ও দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন।

বুধবার (২৫ নভেম্বর) লক্ষ্মীছড়ি বাজার এলাকায় জোনের উদ্যোগে আয়োজিত এ চিকিৎসা কার্যক্রমে মোট ৯৬ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

এ সময় লক্ষ্মীছড়ি জোনের মেডিকেল অফিসার (আরএমও) রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন। পাশাপাশি বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পরামর্শ এবং রোগীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

স্থানীয় ও দুর্গম পাহাড়ি এলাকার অনেক মানুষ যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা ও আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর এ উদ্যোগে স্বল্প খরচে নয়, সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ায় উপকৃত হয়েছেন এলাকার ৯৬ জন মানুষ।

স্থানীয়দের কাছে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং জনকল্যাণে এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।