
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালক তরিবুর রহমানও গুরুতর আহত হন এবং ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যমুনা সেতুর পশ্চিম পাড় এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছিলেন এটিএসআই নুরুল ইসলাম। এ সময় ঢাকা অভিমুখী একটি ট্রাক দ্রুতগতিতে এসে অন্য একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করে। কিন্তু ট্রাকটি রং সাইড ব্যবহার করে ঝুঁকিপূর্ণভাবে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দায়িত্ব পালনরত এটিএসআই নুরুল ইসলামকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। গুরুতর আহত অবস্থায় ট্রাকচালককে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে।
সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগের পরিদর্শক মোফাখখারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি।’
এ বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় ট্রাকচালকও গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করা হচ্ছে।#